গাজীপুরের কালীগঞ্জের রায়েরদিয়া গ্রামের একটি বাঁশঝাড়ের পাশ থেকে উদ্ধার করা হয়েছে রাজারবাগ পুলিশ লাইন্সের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইসলাম খানের (৩৮) দগ্ধ লাশ। মঙ্গলবার (১০ জুলাই) বিকালে লাশটি উদ্ধার করা হয়। তিনি নিখোঁজ হয়েছিলেন আরও দুদিন আগে। তবে মামুনকে হত্যার ঘটনায় কোনও কূল পাচ্ছে না পুলিশ। কালীগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির তদন্ত করবে। তদন্তের পরই হত্যার কারণ জানা যাবে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, মঙ্গলবার (১০ জুলাই) বিকালে উপজেলার রায়েরদিয়া গ্রামের একটি বাঁশঝাড়ের পাশ থেকে মামুন ইসলাম খানের লাশ উদ্ধার করা হয়। তিনি ঢাকার রাজারাবাগ পুলিশ লাইনে বিশেষ শাখার (এসবি) পরিদর্শক ছিলেন। রায়েরদিয়া গ্রামের স্থানীয়রা মঙ্গলবার একটি বাঁশঝাড়ের পাশে তার লাশটি পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন। লাশের মুখসহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ ছিল।
এদিকে ঢাকার সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, গত রবিবার (৮ জুলাই) বিকালে মামুন ইসলাম খান বাসা থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে ওই কর্মকর্তার ভাই জাহাঙ্গীর আলম খান সোমবার (৯ জুলাই) সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘মঙ্গলরার রাত ১২টা পর্যন্ত জাহাঙ্গীরকে নিয়ে ডিবি (পূর্ব) কার্যালয়ে যোগাযোগ করা হয়। যেহেতু মামুন বনানী এলাকা থেকে নিখোঁজ হন, তাই বনানী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামুনের লাশ আনার জন্য তার ভাই জাহাঙ্গীর গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সর্বশেষ বুধবার (১১ জুলাই) বেলা ১১টায় জাহাঙ্গীরের সঙ্গে কথা হলে তিনি জানান, টঙ্গী থেকে লাশ নিয়ে ঢাকা আসছেন ।’
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ‘এ ঘটনায় বনানী থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে। তবে মামলাটি ঢাকার গোয়েন্দা (ডিবি) পূর্ব তদন্ত করবে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।’
এদিকে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, বাঁশঝাড়ের পাশ থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে নিহতের স্বজনেরা পরিচয় শনাক্ত করে হাসপাতাল থেকে লাশ নিয়ে যান।
রাজধানীর বনানী থানার ইন্সপেক্টর (তদন্ত) বোরহান উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইন্সপেক্টর মামুন ইসলাম খান নিখোঁজ হয়েছিলেন বনানী এলাকা থেকে। এজন্য বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার নথিপত্র এরইমধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। তারা মামলাটি তদন্ত করবে।’








