নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে মনি আক্তার (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুলাই) দিনগত রাত ২টায় উপজেলার বাতানপাড় এলাকার একটি বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী রিপন মিয়ার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক-অপারেশন আজিজুল হক এসব তথ্য নিশ্চিত করেন।
নিহত মনি আক্তার ঝালকাঠি জেলার নলছিটি থানার গন্ডা এলাকার তৈয়ব আলীর মেয়ে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, গত ১১ জুলাই শ্বাসরোধে হত্যা করে মনি আক্তারের লাশ ঘরে রেখে তালা দিয়ে তার স্বামী রিপন মিয়া পালিয়ে যায়।
পরিদর্শক আজিজুল হক জানান, বাতানপাড় এলাকার ওই বাসার একটি কক্ষের ভেতর থেকে দুর্গন্ধ আসায় শুক্রবার রাতে স্থানীয়রা থানায় খবর পাঠান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনি আক্তারের লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, ‘খোঁজ নিয়ে জেনেছি, মনি আক্তার আদমজী ইপিজেডের ফ্যাশন সিটি নামে একটি পোশাক কারখানায় মেশিন অপারেটর পদে কর্মরত ছিলেন। তার স্বামী রিপন মিয়া সিএনজিচালিত অটোরিকশার চালক। আমাদের ধারণা, গত ১১ জুলাই মনি আক্তারকে শ্বাসরোধে হত্যা করে তার লাশ ঘরে রেখে তালা দিয়ে রিপন মিয়া পালিয়ে যায়। রিপনকে গ্রেফতারে অভিযান চলছে।’
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল– ক) মো. মেহেদি ইমরান সিদ্দিকী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওই গৃহবধূর মৃত্যুর আসল কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’








