কুড়িগ্রাম-৩ আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টির ডা. মো. আককাছ আলী বিজয়ী হয়েছেন। বুধবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান, ডা. মো. আককাছ আলী সরকার লাঙ্গল প্রতীক নিয়ে ২৭শ’ ৩ ভোটের ব্যাবধানে বিজয়ী হয়েছেন। কুড়িগ্রামের উলিপুর ও চিলমারী উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১শ’ ৫৯টি কেন্দ্রে লাঙ্গল প্রতীক নিয়ে আককাছ আলী সরকার পেয়েছেন ৮২ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক এমএ মতিন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯ হাজার ৮৯৫ ভোট।
ফলাফল ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আককাছ আলী সরকার বলেন, ‘এ বিজয় এ আসনের জনগণের, এ বিজয় লাঙ্গলের। এ আসনের জনগণ হুসেইন মোহাম্মদ এরশাদ ও তার প্রতীক লাঙ্গলের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আমাকে বিজয়ী করেছে। আমি এ আসনের জনগণের জন্য কাজ করতে চাই।’
উল্লেখ্য, গত ১১ মে জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের মৃত্যুতে কুড়িগ্রাম-৩ আসন শূন্য হয়। গত ১০ জুন নির্বাচন কমিশন এ আসনের উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করে। কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করা হলেও ১০ম জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি সীমানা অনুযায়ী এই উপ-নির্বাচন হয়। পূর্ববর্তী সীমানা অনুযায়ী কুড়িগ্রাম-৩ আসনের বর্তমান ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৬৬ হাজার ৮১১। আসনটিতে উলিপুর ও চিলমারী উপজেলার ১৬টি ইউনিয়ন এবং উলিপুর পৌরসভাসহ মোট ১৫৯টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়।
বিএনপি অংশ না নেওয়ায় মহাজোটের অধীন না থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি পৃথকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।








