রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে প্রচারণায় নেমেছেন তার স্ত্রী রেবেকা সুলতানা সিমি। তিনি বলেন, ‘রাজশাহীর উন্নয়ন নিন, ধানের শীষে ভোট দিন।’
বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকালে নগরীর ১৪নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন রেবেকা সুলতানা সিমি। এসময় তিনি এ ওয়ার্ডের দড়িখরবোনা, আমবাগানসহ উপশহরের বিভিন্ন সেক্টরের বাসাবাড়ি ও ব্যবসায়ীদের কাছে যান এবং ধানের শীষের জন্য দোয়া ও ভোট প্রার্থনা করেন।
প্রচারণার সময় রেবেকা সুলতানা সিমি বলেন, ‘রাজশাহীর উন্নয়ন একমাত্র বিএনপি আমলে হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষি বিপ্লবের মধ্যদিয়ে দেশ উন্নয়নকাজ শুরু করেন, যার ধারা অব্যাহত রাখেন তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কিন্তু বর্তমান স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে জেলে পাঠিয়ে উন্নয়নকে থামিয়ে দিয়ে দেশটাকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছে।’
তিনি আরও বলেন, ‘মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে এবং এখনও করছে এই সরকার। ব্যাংকের টাকা চুরি করে ব্যাংক সেক্টরকে ধ্বংস করে দেশের উন্নয়ন ব্যাহত করেছে তারা। এ ছাড়া, ব্যাংকের ভোল্ট থেকে স্বর্ণ চুরি করে বিদেশে পাঠিয়েছে এই সরকার ও তার দোসরেরা। এই দুর্নীতিবাজ সরকারের কবল থেকে দেশকে রক্ষা করতে হলে ধানের শীষ ছাড়া আর কোনও মার্কা নাই।’
বুলবুলের স্ত্রী বলেন, ‘সরকার দলীয় প্রার্থী ভোটের জরিপে এখনও ৬০ হাজার ভোটে পিছিয়ে আছেন। এই অবস্থা দেখে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে ভোট কারচুপির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তাদের এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ভোটারদের সচেতন হতে হবে।’








