বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘দুর্নীতিবাজ খালেদা জিয়ার সঙ্গে খেলবো না। সে কারাগারেই থাকবে; ভোট করতে পারবে না।’
বৃহস্পতিবার (২৬ জুলাই) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘আদালত আর কারাগারকে গুড়িয়ে দিয়ে রাজনীতির মাঠ সমান করতে চায় বিএনপি। রাজাকার ও জঙ্গিদের রাজনীতির মাঠে ফিরিয়ে এনে রাজনীতির মাঠ সমান করতে চায় বিএনপি। আমরা কোনও অবস্থাতেই রাজনীতির মাঠ সমানের নামে রাজাকার ও জঙ্গিদের রাজনীতির মাঠে ঢুকতে দেবো না।’
পাকিস্তান নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘নওয়াজ শরিফের জন্য তো সেখানে কোনও মিছিল হলো না। তার দল সেখানকার নির্বাচনে অংশগ্রহণ করেছে। পৃথিবীর কোথাও সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজ নেতার নামে মিছিল হয় না।’ বিএনপি নেত্রীকে ক্ষমতার বাইরে রেখে শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
নবীনগর উপজেলা জাসদ সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যানের মধ্যে বক্তৃতা রাখেন– জাসদ স্থায়ী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ, নাট্য অভিনেতা নাসের চৌধুরী, অধ্যাপক আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসদ সভাপতি আখতার হোসেন সাঈদ ভূঁইয়াসহ অনেকে।








