প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়েও দ্বিতীয় উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হলো। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, ‘১৯৭৩ এর (সংশোধিত) ১৩ (১) ধারা অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়াকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপ-উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদকাল হবে চার বছর। মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে এর আগেই নিয়োগাদেশ বাতিল করতে পারবেন। উপ-উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি অনুযায়ী ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে বলা আছে দুই জন সহ-উপাচার্য হতে পারেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের কাছে নিয়োগের বিষয়ে আবেদন না করায় এতদিন এ পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এ ছাড়া রাবিতে শিক্ষার্থীর সংখ্যাও দিনদিন বাড়ছে। দুজন সহ-উপাচার্য হওয়াতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজে আরও গতিশীলতা আসবে।’
উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি চেষ্টা করবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করার। উপাচার্য মহদোয় আমাকে যখন দায়িত্ব গ্রহণ করতে বলবেন তখনই আমি দায়িত্ব গ্রহণ করবো।’
আরও পড়ুন- শিগগিরই দ্বিতীয় উপ-উপাচার্য পেতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়








