রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আজ শনিবার শেষ দিনের প্রচার-প্রচারণায় ব্যস্ত ছিলেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। দিনভর বৃষ্টি প্রচারণায় ছন্দপতন ঘটালেও মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থী ও সমর্থকদের থামাতে পারেনি। বৃষ্টি উপেক্ষা করে তারা চষে বেরিয়েছেন নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। আর প্রার্থীদের জমজমাট প্রচারণায় উৎসবমুখর হয়ে ওঠে নগরী।
কর্মী ও সমর্থকেরা প্রার্থীদের প্রতীক নিয়ে মিছিলেও অংশ নেন। এ সময় তাদের প্রার্থীদের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
আগামী ৩০ জুলাই রাজশাহী সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে আছেন পাঁচ জন প্রার্থী। আর ৩০টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে আছেন ১৬০ জন প্রার্থী। এ ছাড়া, সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থী ৫২ জন।
শেষ দিনের প্রচারণায় প্রার্থীদের সমর্থকেরা কিছু কিছু ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন করেন। তারা মিছিল ও পাঁচ ফুটের বড় প্রতীক নিয়ে মিছিল করেন,যা আচরণবিধির লঙ্ঘন। তবে এসব মিছিলে প্রার্থীদের উপস্থিতি ছিল না।
প্রচারের শেষ দিন বৃষ্টি উপেক্ষা করে নগরীর বিভিন্ন এলাকায় মিছিল-শোডাউন ও গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন,বিএনপির মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমান ও গণসংহতি আন্দোলন সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মুরাদ মোর্শেদ।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ সকাল থেকেই তারা প্রচারণা শুরু করেন। কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীরাও মাঠে নামেন সকাল থেকে। এতে চিরচেনা এ শহরের চিত্র পাল্টে যায়। প্রার্থীদের প্রতীক হাতে সমর্থকদের স্লোগানমুখর খণ্ড খণ্ড মিছিলে উৎসবমুখর হয়ে উঠেছে ২০৩ বর্গ-কিলোমিটার আয়তনের উত্তরের এই বিভাগীয় শহর।
এদিকে, বৃষ্টির কারণে প্রচারণার শেষ দিন ওয়ার্ডে ওয়ার্ডে আবারও লেমিনেটেড পোস্টার সাঁটাতে দেখা যায় মেয়র-কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকদের। এতে বিকালের আগেই শহরের পথঘাট,অলিগলি,প্রধান সড়ক,সড়ক মোহনাগুলো ছেয়ে যায় পোস্টার-ব্যানারে।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের বিনোদপুর বাজারে বৃষ্টিতে ভিজে গণসংযোগ করতে দেখা যায় এএইচএম খায়রুজ্জামান লিটনকে। এখান থেকে তিনি মির্জাপুর,হনুফার মোড় ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন। এরপর বিনোদপুর বাজারে ফের পথসভা করেন। পরে নগরীর কাজলা,বাজে কাজলা ও তালাইমারি এলাকায়ও ভোটারদের কাছে ভোট চান তিনি।
বিনোদপুর বাজারে পথসভায় খায়রুজ্জামান লিটন বলেন,‘গত ১০ জুলাই থেকে আজ শেষ দিন পর্যন্ত নগরী সব ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেছি। যেখানেই গেছি,সেখানেই নৌকার পক্ষে ব্যাপক সাড়া পেয়েছি। এক কথায় নগরজুড়ে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।’
অন্যদিকে, নিজের অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ চেয়ে দিনভর নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। বিকালে নগরীর মালোপাড়ায় তার সমর্থনে মিছিল বের করা হয়।
এ ছাড়া, দিনভর প্রচারণায় ব্যস্ত ছিলেন বাকি তিন মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমান ও গণসংহতি আন্দোলন সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মুরাদ মোর্শেদও। প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থীরাও।








