সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের পথসভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে কিনব্রিজ এলাকা সংলগ্ন সারদা হলে এ ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ওসি মোশাররফ হোসেন এ খবর নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রঞ্জিত সরকারের অনুসারীর মধ্যে এ সংঘর্ষ হয়। পরে আওয়ামী লীগের নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ওসি মোশাররফ হোসেন জানান, পথসভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।








