বরিশালে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের পক্ষে নেতাকর্মীরা শেষ মুহূর্তের গণসংযোগ ও প্রচারণার কাজে বের হলে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাধায় তা হতে পারেনি।
শনিবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা ও নগর বিএনপি দলীয় কার্যালয় থেকে বিএনপি নেতাকর্মীরা গণসংযোগ ও প্রচারণার জন্য বের হলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।
এসময় মজিবর রহমান সরোয়ার বলেন, ‘আমরা আগেও বলেছি, এই নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন, আমরা তার কথায় বিশ্বাস করে নির্বাচন করছি। এখন দেখছি, আমাদের প্রতিদ্বন্দ্বী ও সরকারি দলের প্রার্থী হাজার হাজার সমর্থক ও দলীয় নেতাকর্মীদের রাস্তায় জড়ো করে নির্বাচনি মিছিল ও পথসভা করছেন। আর আমরা দলীয় কর্মীদের নিয়ে গণসংযোগ ও প্রচারণার কাজে বের হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে।’
সরোয়ার বলেন, ‘এই দিন দিন না, এই দিন নিয়ে যাবে আরেক দিনের কাছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে শ্রদ্ধা করে বলছি, আইন কি শুধু ধানের শীষের প্রার্থীর বেলায় কার্যকর করার জন্য সরকার বলেছে। পুলিশ দিয়ে অত্যাচার চালিয়ে গণতন্ত্র ধ্বংস করা যাবে না। এমন দিন আসবে, যেদিন এদেশের জনগণ কোনও আইন মানবে না। তারা গণতন্ত্র উদ্ধারের জন্য ঘর থেকে বের আসবে। তখন তা কেউ প্রতিরোধ করতে পারবেন না।’
নির্বাচনের দিন নিরব ভোট-বিপ্লবের মাধ্যমে অত্যাচার ও জুলুমের জবাব দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় ঢাকা থেকে আসা কয়েকটি টিভি চ্যানেলের সাংবাদিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে জানতে চান, এর আগে সরকারি দলের প্রার্থীর মিছিল হয়েছে তাতে বাধা দেওয়া হলো না কেন? জবাবে ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান,যারাই সামনে পড়েছে, তাদেরকে নিষেধ করা হয়েছে। ভাগ ভাগ হয়ে যেতে বলা হয়েছে। এছাড়া, নৌকার পক্ষে মিছিল করার জন্য তারা অনুমতি নিয়েছে । বিএনপি প্রার্থীর পক্ষে কোনও অনুমতি নেওয়া হয়নি।








