রাজশাহীর বেলপুকুর থানার তাড়াশ এলাকায় র্যাবের সঙ্গে গুলি বিনিময়ে আব্দুর রশিদ (৪৫) নামের এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। এ সময় ফেনসিডিলসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। রশিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে।
র্যাব-৫ রাজশাহীর উপ অধিনায়ক মেজর এএফএম আশরাফুল ইসলাম জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে র্যাব। এসময় মাদক বিক্রেতারা টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় এক মাদক বিক্রেতার মৃত্যু হয়। পরে জানা যায়, তার নাম আব্দুর রশিদ।
তিনি জানান, রশিদের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় মাদক ও চোরাচালানসহ ১৭টি মামলা রয়েছে। সে রাজশাহীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
মেজর আশরাফুল ইসলাম জানান, রাতে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, ৫৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
গুলিবিনিময়ের ঘটনায় দুজন র্যাব সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।








