ভুটান সরকারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে ২৫৮ প্রকার ওষুধের প্রথম চালানটি আগামী ৩০ সেপ্টেম্বর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ঔষধ প্রশাসন কর্তৃপক্ষ। রবিবার বুড়িমারী স্থলবন্দরে ভুটান ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদফতরের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বৈঠকের পর এই কথা জানানো হয়।
বৈঠকে বাংলাদেশের পাঁচ সদস্যের দেল নেতৃত্ব দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল ওহাব খান।ভুটানের পক্ষে নেতৃত্ব দেন ভুটান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক সোনম ডাউয়া। এসময় বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঔষাধাগারের সহকারী পরিচালক ড. নাসের ইকবাল, ঔষধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া, এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের ম্যানেজার রিয়াদ আরেফিন, বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) একেএম খায়রুল বাশার, স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মনিরুল ইসলাম, কুড়িগ্রাম ও লালমনিরহাট ঔষধ প্রশাসনের ড্রাগ সুপার তৌহিদুল ইসলাম।
ঔষধ প্রশাসন অধিদফরের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া বৈঠক শেষে বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী ৩০ সেপ্টেম্বর প্রথম চালান, ৩১ অক্টোবর দ্বিতীয় ও ৩০ নভেম্বর তৃতীয় চালানের মাধ্যমে ২৫৮ প্রকারের প্রায় ২০ কোটি টাকার ওষুধ বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটান সরকারের কাছে হস্তান্তর করা হবে। এসব ওষুধ ভুটান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভুটান হেলথ ট্রাস্ট ফান্ডে অনুদান হিসেবে প্রদান করা হবে।’
কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার দায়িত্বে থাকা ড্রাগ সুপার তৌহিদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ২৫৮ প্রকারের ওষুধের প্রথম চালান ভুটান সরকারের স্বাস্থ্য অধিদফতরের ভুটান হেলথ ট্রাস্ট ফান্ডের কর্মকর্তাদের আগামী ৩০ সেপ্টেম্বর বুড়িমারী স্থলবন্দরে হস্তান্তর করা হবে। এসব ওষুধ বিনামূল্যে এবং বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত বিনাভাড়ায় পৌঁছানোসহ লোড-আনলোড খচরও সরকার বহন করবে। আগামী ৩১ অক্টোবর দ্বিতীয় চালান ও ৩০ নভেম্বর তৃতীয় চালান হস্তান্তর করা হবে। বাংলাদেশি ২০ কোটি টাকা মূল্যের ২৫৮ প্রকারের এসব ঔষধ সরবরাহ করতে স্থানীয় কাস্টমস ও স্থলবন্দর কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল ওহাব খান জানান, ‘২০১৭ সালের এপ্রিল মাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটান সফরকালে বিনামূল্যে ওষুধ দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে ভুটান সরকারের ভুটান ট্রাস্ট ফান্ড কর্তৃপক্ষ ৪২৯ প্রকার ওষুধের একটি তালিকা পাঠায়। ভুটানের পাঠানো তালিকা অনুযায়ী ২৫৮ প্রকার ঔষধ পাওয়া যায়। এসব ওষুধ হস্তান্তরে চূড়ান্ত করনীয় ঠিকঠাক করতেই বুড়িমারীতে ভুটান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে। তিন ধাপে এসব ওষুধ বুড়িমারী স্থলবন্দরে ভুটানের নিকট হস্তান্তর করা হবে।’








