চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুলের ৭০ বছর পূর্তি উদযাপন করেছে অ্যালাইমনাই অ্যাসোসিয়েশন। গতকাল বৃহস্পতিবার স্কুল মাঠে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এই উদযাপন। শোকের মাসে একটি সরকারি বিদ্যালয়ে এমন সাড়ম্বর অনুষ্ঠান করা নিয়ে প্রশ্ন তুলে এর প্রতিবাদে আজ শুক্রবার (২৪ আগস্ট) মানববন্ধন করেছে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও বঙ্গবন্ধু পরিষদ।
জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুলের সাবেক ছাত্র ও অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জিল্লার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক নবকান্ত ব্যান্ধ্যা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, পৌরমেয়র কারিবুল হক রাজিন, শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুলের ৭০ বছর পূর্তি উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ডা. রবিউল ইসলাম, অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. নাজিম উজ্জামান প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী পথিক নবী, রফিকুল আলম, আবিদা সুলতানা এবং ক্লোজআপ তারকা মুহিন ও অদিতি।
শোকের মাসে এমন আনন্দ আয়োজনের প্রতিবাদে শুক্রবার বিকালে শিবগঞ্জে মানবন্ধন করে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও বঙ্গবন্ধু পরিষদ। সমাবেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতারা বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু এবং তার পরিবারের প্রায় সব সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এই মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা হয়। আর এ মাসেই শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুলে রঙ্গমঞ্চ তৈরি করে নাচগান করা হয়েছে, যা শোকের মাসটিকে অপমান করার শামিল। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
পূর্তি অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমানের সভাপতিত্ব করার নিন্দা জানিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল বলেন, ‘সুষ্ঠু তদন্ত করে শোকের মাসকে অপমান করার ঘটনায় দায়ীদের বিচার করতে হবে।’
উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভি আলম রানা বলেন, ‘আগস্ট আমাদের কাছে শোকের মাস। এ মাসে সরকারের উচ্চপর্যায়ের কোনও কর্মকর্তা নাচ-গানের রঙ্গমঞ্চ তৈরি করে মজা করবে –এটা আমরা মানতে পারি না। এর তীব্র প্রতিবাদ জানাই।’
যোগাযোগ করা হলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান বলেন, ‘স্কুলের ৭০ বছর পূর্তিতে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেখানে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের প্রতি শোকপ্রস্তাব গ্রহণ করে অনুষ্ঠান শুরু করা হয়। এমনকি, অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়েছে।’








