গাজীপুরে রাস্তায় দাঁড় করিয়ে রাখা একটি ট্রাককে পেছনে থেকে একটি পিকআপ ধাক্কা দেওয়ায় ফজলুর রহমান বাদল (২৯) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ আগস্ট) বেলা ১১টায় গাজীপুরের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর অহিদুজ্জামান এ খবর নিশ্চিত করেন।
নিহত বাদল নওগাঁর পরশা থানার ঘাটনগর এলাকার আবুল হোসেনের ছেলে।
ইন্সপেক্টর অহিদুজ্জামান জানান, আজ গাজীপুর মহানগরের উত্তর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বালুভর্তি একটি ট্রাক দাঁড় করিয়ে রাখা ছিল। এ সময় ময়মনসিংহগামী সবজিভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের বাঁপাশ দুমড়েমুচড়ে যায় এবং পিকআপে থাকা সবজি ব্যবসায়ী ফজলুর রহমান বাদল ঘটনাস্থলেই নিহত হন।
অহিদুজ্জামান আরও জানান, ‘ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। ট্রাক ও পিকআপটি জব্দ করা হয়েছে।’








