কক্সবাজারের টেকনাফ সীমান্তে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৯ আগস্ট) ভোরে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া স্লুইসগেট এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয় বলে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী জানিয়েছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।
আছাদুদ জামান চৌধুরী জানান, বুধবার ভোরে হ্নীলা সীমান্ত চৌকি থেকে টেকনাফ পর্যন্ত টহল দিচ্ছিলেন বিজিবি সদস্যরা। এ সময় চারজন লোককে একটি বস্তাসহ টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া স্লুইসগেট এলাকা দিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে আসতে দেখেন তারা। সন্দেহ হওয়ায় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় পাচারকারীরা বস্তাটি ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের জলসীমানায় চলে যায়। পরে টহল দল পাচারকারীদের ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।
বিজিবি কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ৮০ লাখ টাকা। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধিদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।








