পাবনায় নারী সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যা মামলার প্রধান আসামি শিল্পপতি আবুল হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকালে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদ হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক অরবিন্দ এ খবর নিশ্চিত করেন।
বৃহস্পতিবার বিকাল ৪টায় আবুল হোসেনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন পরিদর্শক অরবিন্দ। শুনানি শেষে আদালত আবুল হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত মঙ্গলবার ২৮ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে শহরের মজুমদারপাড়ায় তার বাড়িতে গিয়ে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় তার সাবেক স্বামী রাজিব হোসেন ও সাবেক শ্বশুর আবুল হোসেনসহ তিনজনের নাম উল্লেখ করে ছয়জনকে আসামি করে মামলা করেন সুবর্ণার মা। বুধবার দুপুর ২টায় মামলার প্রধান আসামি আবুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।








