গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার কাউন্সিলর সাজু সরদারকে (৩২) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের মীরগঞ্জ এলাকায় একটি মৎস্য খামার থেকে ফেরার পথে চাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই হামলার শিকার হন সাজু।
সাজু সরদার সুন্দরগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সুন্দরগঞ্জ উপজেলার শাখার সদস্য। তিনি ওই ওয়ার্ডের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মৎস্য খামার থেকে সোহেল নামে এক যুবককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মীরগঞ্জ বাজারে ফিরছিলেন সাজু। তারা বিদ্যালয়ের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। এসময় কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা সাজুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। সাজু ও সোহেল চিৎকার করায় আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। কিন্তু অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকরা।
সাজু মিয়ার সঙ্গে থাকা সোহেল মিয়া জানান, ‘১০-১২ জনের একদল দুর্বৃত্ত হঠাৎ করে আমাদের পথরোধ করে। পরে মোটরসাইকেল থামাতেই দুর্বত্তরা সাজুকে অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এতে সাজু মিয়ার শরীরে রক্তাক্ত জখম হয়। তবে দুর্বৃত্তরা আমাকে আঘাত করেনি। স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।’
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গত এপ্রিল মাসে বিভিন্ন ঘটনা নিয়ে সাজু মিয়ার সঙ্গে আওয়ামী লীগ কর্মী শ্যামল, আজম, কালিসহ কয়েকজনের বিরোধ চলছিল। এক পর্যায়ে সাজু তার লোকজন নিয়ে শ্যামল, আজম ও কালিকে বেদম মারধর করে। এ ঘটনার পর থেকে তাদের মধ্যে আরও উত্তেজনার সৃষ্টি হয়। উভয় পক্ষের মধ্যে বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্ত ও আটক করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।’
তিনি আরও জানান, সাজু মিয়া রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে সাজুর শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। সাজুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন- লাঠিপেটায় নিস্তেজ রিয়াদকে হাসপাতালে নেওয়ার সাহস হয়নি কারও








