নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক যুবকে মাদক দ্রব্য দিয়ে ফাসাঁনোর চেষ্টার অভিযোগে চার পুলিশ কর্মকর্তাকে গণপিটুনি দেন এলাবাবাসি। ওই ঘটনায় পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে প্রভাবিত করার অভিযোগে বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাতেই মুক্তি আক্তার (৩৪) নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ও পাঁচ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এম এ হক মুক্তি আক্তারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি এম এ হক জানান, বুধবার (২৯ আগস্ট) রাতে আড়াইহাজারের ঝাউঘরা এলাকার মুক্তি আক্তার তার সরকারি মোবাইল ফোনে কল দিয়ে জানান, ঝউঘরা এলাকার রমজান হোসেনের ঘরে ইয়াবা রয়েছে। ওসি বৃহস্পতিবার উপপরিদর্শক আবুল কাসেমকে দিয়ে বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে বলেন। বৃহস্পতিবার রাতে উপপরিদর্শক (এসআই) আবুল কাসেম, পিএসআই (শিক্ষানবিশ উপপরিদশক) মোফাজ্জল হোসেন, সহকারি উপপরিদর্শক মোস্তফা ও সহকারী উপপরিদর্শক হেলাল সাদা পোষাকে দুটি মোটরসাইকেল যোগে উপজেলার ঝাউঘরা এলাকায় যান। এসময় অটোরিকশা চালক রমজান আলীকে মাদক দ্রব্য দিয়ে আটক করে ফাসাঁনোর চেষ্টা করেন এবং পুলিশ তাকে মারধর শুরু করে। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে প্রতিবাদ করেন। পুলিশ সদস্যারা স্থানীয় লোকজনের সঙ্গেও দুঃব্যবহার করে। পরে লোকজন ক্ষিপ্ত হয়ে চার পুলিশকে ধরে পিটুনি দেন।
ওসি আরও জানান, এদিকে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে প্রভাবিত করার অভিযোগে বৃহস্পতিবার রাতেই মুক্তি আক্তারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি মুক্তি আক্তার একজন মাদক ব্যবসায়ী । তার বাড়িতে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ও পাঁচ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন..
ইয়াবা দিয়ে যুবককে ফাঁসানোর চেষ্টা, চার পুলিশ কর্মকর্তাকে গণপিটুনি








