নোয়াখালীর সুবর্ণচরের রাস্তার পাশ থেকে জাকের হোসেন (২২) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১আগস্ট) সকাল ৯টায় সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জাকের হোসেন উপজেলার চরহাসান গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘সকালে স্থানীয় লোকজন জাহাজমারা গ্রামের রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।’








