বাগেরহাটের মোংলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের ছেলেকে মাদকসহ আটকের পর মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১ সেপ্টেম্বর) সকালে স্থায়ী বন্দরের শিল্প এলাকার দিগরাজ থেকে তাকে আটক করা হয়। বাগেরহাট জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মাঈনুল ইসলাম জানান, মোংলা বন্দরের শিল্প এলাকার দিগরাজ থেকে শনিবার সকালে ১২ পিস ইয়াবাসহ ডিবি পুলিশের একটি দল মাদক ব্যবসায়ী হুমায়ন কবির পলাশকে (২৮) আটক করে। আটক পলাশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোংলা বন্দর ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর কাউন্সিলর মো. শফিকুর রহমান ওরফে সাদ্দাম শফির ছেলে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ইয়াবাসহ আটক পলাশের বিরুদ্ধে শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যম্যে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন, ডিবি পুলিশের উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন বাবু।
পুলিশ জানায়, গত পাঁচ মাস আগে তিনশ ৫০ পিস ইয়াবাসহ পলাশকে আটক করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর জেল থেকে ছাড়া পেয়ে আবারও মাদক ব্যবসা শুরু করলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আবারও আটক করা হয়।








