বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় রাজাকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় জামালপুরের ইসলামপুরে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়ায় সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীনের বাড়ির সামনে ঘটনা ঘটে।
আহত গেরিলা মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধান ও তার পরিবারের সদস্যরা জানান, গত ৩১ আগস্ট গঙ্গাপাড়া বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি সভাপতিত্ব করছিলেন। সভাপতির বক্তব্যে তিনি স্বাধীনতা যুদ্ধের সময় ইসলামপুর থানা শান্তি কমিটির সভাপতি কুখ্যাত রাজাকার মতিয়ার রহমান চৌধুরী পরিবারের অত্যাচার নির্যাতনের ভূমিকা তুলে ধরে বক্তব্যে রাখেন।
এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে মতিয়ার রহমান চৌধুরী পরিবারের সদস্যরা আব্দুল গফুর প্রধানকে রাস্তা থেকে তুলে নিয়ে তাকে পিটিয়ে লাঞ্ছিত এবং আহত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয় রিক্সাচালকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে ইসলামপুর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছেন।
এ বিষয়ে আব্দুল গফুর প্রধানের পরিবারের পক্ষ থেকে তার উপর হামলাকারীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সঠিক বিচার চেয়েছেন।
ইসলামপুর থানার ওসি শাহীনুজ্জামান খান জানান, মুক্তিযোদ্ধা আব্দুল গফুর সন্ত্রাসী হামলায় আহত হওয়ার খবর পেয়েছি। আমি তদন্ত করে দেখছি । বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন বলে খবর পেয়েছি। চিকিৎসা শেষে তিনি অভিযোগ দিতে চেয়েছেন। থানায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।








