নারায়ণগঞ্জে নিজ বাসা থেকে শাহাদাত হোসেন (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর জামতলা তারা মসজিদ এলাকায় থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলায় পুলিশ রবিবার বিকেলে নিহতের স্ত্রী বিলকিস বেগম ও ছেলে শাকিবকে গ্রেফতার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রবিবার দুপুরে নিহতের ছোট ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় স্ত্রী বিলকিস বেগম, একমাত্র ছেলে বিল্লাল হোসেন শাকিব ও বড় মেয়ে শামীমা আক্তার নিপাকে আসামি করা হয়েছে।
জানা গেছে, শনিবার রাতে জামতলা তারা মসজিদ এলাকার নিজ বাসা থেকে শাহাদাত হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। শাহাদাত হোসেন ঢাকার সেগুনবাগিচা এলাকার এজি অফিসের সিনিয়র অডিটর পদ থেকে ৫ বছর আগে অবসর নিয়েছেন।
ফতুল্লা মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের জানান, আর্থিক বিষয় নিয়ে শাহাদাত হোসেনের সঙ্গে তার স্ত্রী ও ছেলে-মেয়েদের দ্বন্দ্ব চলছিল। উদ্ধারকৃত লাশের শরীরে পূর্বের কিছু আঘাতে চিহ্ন রয়েছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল জানান, নিহতের ভাইয়ের করা মামলায় স্ত্রী বিলকিস বেগম ও ছেলে শাকিবকে গ্রেফতার করে রবিবার বিকেলে রিমাণ্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আসামিদের রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা জানা যাবে। এ ছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।








