ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফাজিলপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতে কাওছার শেখ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি এ সাজা দেন। দণ্ডিত কাওছার আলী ওই এলাকার শরমান আলী শেখের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ফাজিলপুর এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির নেতৃত্বে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ কাওছার শেখকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অন্য এক অভিযানে একই উপজেলার রায়জাদাপুর এলাকা থেকে ২৩০ গ্রাম গাঁজাসহ আব্দুল ওহাব নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তার নামে শৈলকুপা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়।








