১৯৭৫ সালের নির্মম হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধুকে সমাহিত করার আগে গোসল ও দাফনে অংশ নেওয়া মাওলানা রজব আলি মোল্লা (৭৯) এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছেন তিনি। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পারিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে সাতক্ষীরার মেহেদিবাগের বাড়িতে মাওলানা রজব আলি মোল্লার ব্রেইন স্ট্রোক হয়। এরপর তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডা. আসাদুজ্জামানের অধীনে চিকিৎসা নিচ্ছেন তিনি।
উল্লেখ্য, ১৯৭৫ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গোবরা মাদ্রাসা ও পরে গওহরডাঙ্গা মাদ্রাসায় লেখাপড়া করেছেন মাওলানা রজব আলি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকায় নির্মমভাবে হত্যার পর তার মরদেহ হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় নেয় সেনা সদস্যরা। সেসময় বঙ্গবন্ধুর গোসল, জানাজা ও দাফনে অংশ নেন রজব আলি ও তার সহপাঠী গোপালগঞ্জের পাটগাতির জালালউদ্দিন ও দিঘলিয়ার বেলায়েত হোসেন।








