জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার (৭ সেপ্টেম্বর) পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও অডিটরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এ সময় খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আপনার বাবা তফাজ্জল হোসেন মানিক মিয়া জাতির জনক বঙ্গবন্ধুর খুব কাছের মানুষ ছিলেন। আপনি আওয়ামী লীগে যোগদান করেন।’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আরও বলেন, ‘আপনারা খুব ভাগ্যবান যে আনোয়ার হোসেন মঞ্জুর মতো একজন শক্তিশালী ও বড়মাপের মানুষ পেয়েছেন। তিনি সবসময় এলাকার উন্নয়ন নিয়ে ভাবেন। তিনি ভাণ্ডারিয়া উপজেলাকে জেলার সমমানে রূপান্তরিত করেছেন।’
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘আমি একদিন মন্ত্রণালয়ে আমার দফতরে বসা। দেখি, আনোয়ার হোসেন মঞ্জু সাহেব আমার দফতরে হাজির। তার মতো একজন বড়মাপের মানুষ আমার দফতরে, না জানি কী ঘটনা! কিছুক্ষণ পরে তিনি পকেট থেকে একখানা কাগজ বের করে আমার হাতে দিলেন। তার এলাকার একটা ব্রিজের কাজের জন্য আমার দফতরে আসা। আমি কাগজটি দেখে এলজিইডির প্রধান প্রকৌশলীকে ১৫ দিনের মধ্যে এ ব্রিজটির দরপত্র আহ্বানের নির্দেশ দিয়েছিলাম। এরপর তাকে বললাম, এলাকার একটা ব্রিজের কাজের জন্য আপনি আসলেন!’
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ‘বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করছে। একসময় সারা বাংলাদেশের বাজেট ছিল সাত হাজার কোটি টাকা। বর্তমানে শুধু পিরোজপুর জেলায় দুই হাজার কোটি টাকার কাজ চলছে। ভাণ্ডারিয়া উপজেলায় এক হাজার আটশ’ দুই কোটি টাকার কাজ চলছে। দেশ যে এগিয়ে যাচ্ছে এটাই তার প্রমাণ।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার সুমির সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু ও আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারেকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পানিসম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি)-এর চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম প্রমুখ।
আনোয়ার হোসেন মঞ্জু তার বক্তব্যে বলেন, ‘ইমান যদি ঠিক থাকে, জনগণের জন্য কাজের উদ্দেশ্য থাকে, মানুষ ঐক্যবদ্ধ থাকে; সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়।’
তিনি আরও বলেন, ‘আমি ৩২ বছর আপনাদের সঙ্গে আছি এবং একটি কথাই বলেছি, উন্নয়নের কোনও বিকল্প নেই, দলমত নির্বিশেষে এলাকার স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন, উন্নয়নকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। সভায় আরও উপস্থিত ছিলেন এলজিইডির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খলিলুর রহমান, পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও অডিটরিয়ামটি পাঁচ কোটি এক লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর নির্মাণ করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপির নামে উপজেলা চত্বরে অডিটরিয়ামের নামকরণ করা হয়।








