কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এসময় আরও ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামে এসব ঘটনা ঘটে। ব্রাহ্মণপাড়া থানার ওসি শাহজাহান কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিদলাই গ্রামের আমেরিকা প্রবাসী শামছুল হক গ্রুপ ও লিটন গ্রুপের মধ্যে বাড়ির সীমানা সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দেশীয় অস্ত্রসহ উভয় গ্রুপ একে অপরকে আক্রমণ করে। এসময় সিদলাই গ্রামের আবদুল ওয়াদুদ মেম্বারের ছেলে খোরশেদ আলম (৪৫) ঘটনাস্থলে মারা যায়। এই ঘটনায় আহত হন আরও অন্তত ১৫ জন। এদের মধ্যে ছয়জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে একই গ্রামের আবদুছ ছোবহানের ছেলে চা দোকানদার শানু মিয়া (৬০) মারা যায়। অপর পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত খোরশেদ আলমের ভাতিজা সোহেল রানা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে তাদের মধ্যে বিবাদ চলছিল। তারা দু’বছর ধরে বাড়ি ছাড়া ছিলেন। আজ সকালে তারা বাড়িতে এলে লিটন গ্রুপের লোকজন হামলা চালায়। এসময় একজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা যায়। নিহত দু’জনই শামছুল হক গ্রুপের বলেও জানিয়েছেন তিনি।
ব্রাহ্মণপাড়া থানার ওসি শাহজাহান কবির বলেছেন, ‘এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’








