নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ আলী (২৬) নামে এক বিদ্যুৎমিস্ত্রি নিহত হয়েছেন। বুধবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার দাপা পোস্ট অফিস রোড এলাকায় দীপ্তি ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। কারখানাটির পরিচালক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মোহাম্মদ আলী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর এলাকার প্রয়াত মুক্তিযোদ্ধা জীবন মিয়ার ছেলে। তিনি দীপ্তি ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানায় জেনারেটর বিভাগে কাজ করতেন।
কারখানার পরিচালক মিজানুর রহমান বলেন, ‘বুধবার দিবাগত রাতে কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মোহাম্মদ আলী। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের জন্য যা যা করা দরকার কারখানা কর্তৃপক্ষ তা করবে।’







