যশোর শেখ হাসিনা সফটওয়ার পার্কের সামনে মোটরসাইকেল থেকে পড়ে ইমন (১৮) নামে এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আলাউদ্দিন শেখ (১৯) নামে অপর এক আরোহী। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি থানার পরিদর্শক আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইমন বেজপাড়া সাদেক দারোগা মোড় এলাকার একলাস হোসেনের ছেলে এবং আহত আলাউদ্দিন শেখ একই এলাকার আনিছ শেখের ছেলে। হতাহত দুজন শহরের আরএন রোড এলাকার অটো কর্নার নামে মোটর পার্টস দোকানের কর্মচারী।
আহত আলাউদ্দিনের বাবা আনিছ শেখ জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় তার ছেলে বন্ধু ইমনের মোটরসাইকেলে করে সকালে ফুটবল খেলতে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে শাপলা মিলের অদূরে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইমন ও আলাউদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে ইমনের মৃত্যু হয়।








