কুড়িগ্রাম থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকা দৈনিক কুড়িগ্রাম খবর-এর প্রকাশনার দুই যুগ পূর্তি উপলক্ষে উৎসব পালন করা হয়েছে। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে সুধী সমাবেশ ও কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির দুই যুগ পূর্তি অনুষ্ঠান পালন করা হয়।
দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক ও প্রকাশক এসএম ছানালাল বকসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের সদস্য সচিব ও লেখক-সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন প্রমুখ।
বক্তারা দীর্ঘ দুই যুগ পথ চলা এই পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করেন। দুই যুগ পূর্তি উপলক্ষে পত্রিকাটির বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়।








