আদালতের প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কোনও শ্রদ্ধা নেই বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, ‘অসুস্থ বলায় খালেদা জিয়ার জন্য বিশেষ আদালত বসানো হয়েছে। সেখানে তিনি উপস্থিত হতে পারবেন না জানিয়ে আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন।’
শনিবার (১৫ সেপ্টেম্বর) ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১২তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, ‘ঝালকাঠিতে দুই জন বিচারক হত্যা করেছিল বাংলা ভাই ও তার লোকেরা। কাদের আমলে এই বাংলা ভাইয়েরা সৃষ্টি হয়েছিল? বাংলা ভাইয়েরা সৃষ্টি হয়েছিল বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে। এই দেশে কোনও হত্যার বিচার হবে না –এ আইনও পাশ করা হলো তাদের সময়ে। বঙ্গবন্ধুকে হত্যার পর ইনডেমিনিটি অধ্যাদেশ জারি করে হত্যার বিচার বন্ধ করা হয়েছিল। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে এই কালো আইন বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি।’
৫২ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ করা হচ্ছে। প্রথম দফায় আটতলা নির্মাণ করা হবে। পরে আরও চারতলা নির্মাণ করা হবে।







