দিনাজপুরের হিলিতে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে চলছে প্রতিমা তৈরির কাজ। আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব। উৎসবকে ঘিরে ইতোমধ্যে দিনাজপুরের সীমান্তবর্তী হিলির বিভিন্ন মন্দিরে বেশ জোরেশোরে চলছে মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ।
হিলির পালপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আশা করছি, এবছর খুব ভালোভাবে পূজা উদযাপন করতে পারবো। গত বছরের তুলনায় এবছর প্রতিমা তৈরিসহ আনুষঙ্গিক বাজেট কিছু বেশি ধরা হয়েছে, যাতে আরও ভালো ও সুন্দরভাবে আমরা পূজা উদযাপন করতে পারি।’
হাকিমপুর উপজেলা সর্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জনার্দন চন্দ্র জানান, গতবারের তুলনায় এবারে হিলিতে মণ্ডপের সংখ্যা একটি বেড়েছে। এবার ২০টি মন্দিরে পূজা হবে। বর্তমানে হিলিতে পূজার পরিবেশ খুবই ভালো। সীমান্তবর্তী এলাকা হওয়ায় হিলিতে দর্শনার্থীদের সংখ্যা বেশি থাকে। গতবারের তুলনায় এবার প্রতিমার আকার বড় করা হয়েছে দর্শনার্থীদের অনুরোধে।’
প্রতিমা তৈরির কারিগররা জানান, অন্যান্য বারের তুলনায় এবার খানিকটা আগেভাগেই প্রতিমা তৈরির কাজ শুরু করা হয়েছে। বর্তমানে মন্দিরে মন্দিরে মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ চলছে। এর পরে এগুলোর ফিনিশিং করা হবে। ইতোমধ্যেই অনেক মন্দিরে প্রতিমা তৈরির কাজ শেষপর্যায়ে।সেগুলো এখন শুকানোর কাজ চলছে। এর পরে রং করাসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ করা হবে। এছাড়া, গতবারের তুলনায় প্রতিমার আকার, ডিজাইনসহ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আশা করছি, পঞ্চমীর আগেই পূজার জন্য সব প্রতিমা প্রস্তুত করতে পারবো। সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।








