গাজীপুর সদর ও কালীগঞ্জ উপজেলায় পৃথক বজ্রাঘাতের ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। এ দুই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে কালীগঞ্জ উপজেলার পূণসহী দক্ষিণ পাড়া এলাকা ও সদর উপজেলার বাড়িয়া ইউপির নাসারান গ্রামে এ দুই ঘটনা ঘটে। কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইব্রাহিম মোল্লা ও জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ খবর নিশ্চিত করেন।
নিহতেরা হলেন– কালীগঞ্জ উপজেলার পূণসহী দক্ষিণ পাড়া এলাকার নূরুল ইসলাম খানের ছেলে তাজুল ইসলাম (৪৪), আব্দুল হান্নান শেখের ছেলে মামুন শেখ (৩০) ও সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের নাসারান এলাকার মৃত রবীন্দ্রনাথের ছেলে রখিন্দ্রনাথ (৪২)।
ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা বলেন, ‘সোমবার দিনগত রাত ১১টার দিকে তাজুল ইসলাম ও তার প্রতিবেশী মামুন শেখ তাদের বাড়ির পাশের বেলাই বিলে নৌকা নিয়ে মাছ ধরতে যায়। রাত পৌনে ৩টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। ওই সময় নৌকায় বজ্রাঘাত হলে তাজুল ও মামুন বিলের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে অন্য এক নৌকার মাছ শিকারীরা তাদের উদ্ধারে এগিয়ে আসে। কিন্তু তারা তলিয়ে যাওয়া তাজুল ও মামুনকে খোঁজে না পেয়ে তাদের বাড়িতে খবর পাঠায়। পরে তাজুল ও মামুনের স্বজনেরা তাদের লাশ উদ্ধার করে।’
জয়দেবপুর থানার ওসি আবু বকর সিদ্দিক ও সদর উপজেলার বাড়িয়া ইউপির চেয়ারম্যান আক্তারুজ্জামান শুক্কুর জানান, সোমবার দিনগত রাতে উপজেলার নাসারান গ্রামের রখিন্দ্রনাথসহ ৪-৫ জন মাছ শিকারী বাড়ির পাশের নাসারন বিলে নৌকা নিয়ে মাছ ধরতে যায়। রাত ৩টার দিকে বৃষ্টিপাত শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই রখিন্দ্রনাথ মারা যান। এই ঘটনায় পরিমল (৪৫) নামে অন্য একজন আহত হন।’








