সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৯দিন আমদানি-রফতানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। ভারতের হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সুব্রত সাহা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বুধবার বিকালে বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে এই তথ্য জানানো হয়েছে।
ভারতের হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনের ওই চিঠিতে জানানো হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১২ অক্টোবর শুক্রবার থেকে ২০ অক্টোবর শনিবার পর্যন্ত টানা ৯দিন ভারত থেকে কোনও পণ্য বাংলাদেশে রফতানি করা হবে না এবং বাংলাদেশ থেকেও কোন পণ্য ভারতে আমদানি করা হবে না। এই ৯দিন বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। ২১ অক্টোবর রবিবার থেকে বন্দর দিয়ে আবার আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন বাংলা ট্রিবিউনকে জানান, ‘আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১২ অক্টোবর শুক্রবার থেকে ২০ অক্টোবর শনিবার পর্যন্ত টানা ৯দিন আমদানি রফতানি বন্ধ রাখার সিন্ধান্তের বিষয়টি এক চিঠির মাধ্যমে ভারতীয় ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন।’
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ‘ভারতীয় ব্যবসায়ীরা বন্দর দিয়ে ৯দিন আমদানি রফতানি বন্ধের ঘোষনা দিলেও শুধুমাত্র পুজার সরকারি ছুটির দিন ছাড়া বাকি সময় বন্দরের কার্যক্রম চালু থাকবে। সেই সঙ্গে বন্দরে আটকে থাকা কাঁচাপণসহ সব ধরনের পণ ব্যবসায়ীরা বন্দর থেকে খালাস নিতে পারবেন।’
আরও পড়ুন- ব্যবসায়ীদের কোন্দলে হিলিতে চার দিন ধরে পাথর আমদানি বন্ধ








