ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ও শুক্রবার (২৮ সেপ্টেম্বর) পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছে।ভাঙ্গা হাইওয়ে থানার ওসি শেখ মাহফুজার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত অড়াইটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া নামক স্থানে ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় মাহেন্দ্রর ২ যাত্রী নুরু মুন্সী (৭০) এবং রোজিনা বেগম (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন আরও ২ যাত্রী। নিহত নুরু মুন্সীর বাড়ি মাদারীপুরের শিবচরের চর আড়িয়ালখাঁ গ্রামে এবং রোজিনার বাড়ি উপজেলার আজিমনগর ইউনিয়নের রায়নগর গ্রামে।
অপরদিকে সকাল ৮ টার দিকে ভাঙ্গা-মাওয়া মহাসড়কের মালীগ্রাম কলাতলা নামক স্থানে ভাঙ্গা থেকে ছেড়ে আসা আর এস এন্টারপ্রাইসের একটি লোকাল বাস মাওয়া যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যান চালক মজিবর শেখ (৪৫) নিহত হয়। তিনি উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামের সেকেন্দারের ছেলে। এ ঘটনায় স্থানীয় লোকজন সড়ক অবরোধ করলে ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষ্যদর্শী বাসের যাত্রীরা জানান, বাসটি হেলপার চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা অটোভ্যানটিকে চাপা দেয়।
ভাঙ্গা হাইওযে থানার ওসি শেখ মাহফুজার রহমান জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোর নিহত ও আহত যাত্রীদের উদ্বার করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।








