কুড়িগ্রামে দুধকুমার নদের ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ দাবিতে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ব্রহ্মতর গ্রামে দুধকুমার নদের পাড়ে মানববন্ধনে কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত এক মাসে দুধকুমারের ভাঙনে ঘোগাদহ ইউনিয়নের ব্রহ্মতর, খামার রসুলপুর, খাড়ুয়ারপাড়, জেলে পাড়া গ্রামের প্রায় তিন শতাধিক ঘর-বাড়ি ও শত শত হেক্টর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙনের মুখে পড়েছে রসুলপুর তীর রক্ষা বাঁধসহ পার্শ্ববর্তী গ্রামের শত শত ঘর-বাড়ি ও জমি। অথচ ভাঙন রোধে কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন।
এ অবস্থায় শিগগিরই ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ঘোগাদহ ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য লোকমান হোসেন, বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য মো. দুলাল মিয়া, আব্দুল আউয়াল ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. শামসুল হক প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন গ্রামের কয়েকশ’ মানুষ অংশ নেন।








