আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের সংসদীয় আসন কিশোরগঞ্জ ১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) এ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেজ ছেলে রাসেল আহমেদ তুহিনকে আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়ার দাবি তুলেছেন তার সমর্থকরা। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে এক জনসভায় আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় নীতিনির্ধারকদের প্রতি এই দাবি জানান। তবে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাসেল আহমেদ তুহিন এ বিষয়ে কোনও কথা বলেননি।
বর্তমানে কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি অসুস্থ অবস্থায় বিদেশে রয়েছেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
শুক্রবার জনসভায় যোগ দেওয়া হাজার হাজার নেতাকর্মী ‘তুহিন ভাই, তুহিন ভাই’ স্লোগান দিয়ে জনসভায় যোগ দেন। বিশালাকৃতির নৌকা তৈরি করে এর ওপর স্থাপিত মঞ্চের ডিজাটাল ব্যানারে লিখা ছিল ‘সরকারের উন্নয়ন প্রচারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা’। তবে এ জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের পদপদবীতে থাকা বড় কোনও নেতা উপস্থিত ছিলেন না। জনসভায় কোনও সভাপতিও ছিল না। কেবল রাসেল আহমেদ তুহিনসহ মোট দুইজন জনসভায় বক্তৃতা করেন।
জনসভায় কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার হাজার হাজার নেতাকর্মী বাদ্যের তালে তালে মিছিল করে যোগ দেন। তাদের অনেকেই জানান, সরকারের উন্নয়ন প্রচারের কথা বলা হলেও প্রকৃতপক্ষে এ আসনে নিজের জনপ্রিয়তা জানান দিতেই তুহিন এ জনসভার আয়োজন করেন। নেতাকর্মীদের ধারণা, তিনি এ আসন থেকে দলের মনোনয়ন চান। এ কারণে দীর্ঘদিন ধরে এ আসনের গ্রামে গ্রামে সভা-সমাবেশ ও জনসংযোগ করে বেড়াচ্ছেন।
প্রধান অতিথির বক্তৃতায় রাসেল আহমেদ তুহিন বলেন, ‘আমি এ সরকারের সাফল্যগুলো এলাকায় ঘুরে ঘুরে প্রচার করছি। তাই মানুষ ও দলের লোকজন আমাকে ভালোবাসে পছন্দ করে। তারই বহিপ্রকাশ আজকের জনসভা। আমি নৌকাপাগল মানুষ, তাই নৌকার গান গাই। এ কারণে অনেকে আমাকে পছন্দ করেন না।’ জনসভায় তিনি নিজেকে জন্মসূত্রে কিশোরগঞ্জ সদরের বাসিন্দা দাবি করে বলেন, ‘আমাকে হাওরের লোক বলে গালি দেবেন না। আমি এলাকাবাসীর সুখে দুঃখে পাশে থাকতে চাই। রাজনীতি আমার রক্তে মিশে আছে। কাজেই আমাকে রাজনীতি থেকে কেউ দূরে সরিয়ে রাখতে পারবে না।’
তার বক্তৃতার পর জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল তার বক্তৃতায় এ আসনে থেকে রাসেল আহমেদ তুহিনকে মনোনয়ন দিতে দলীয় প্রধান ও নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, রাষ্ট্রপতি আবদুল হামিদের বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক কিশোরগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য। কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম যদি নির্বাচন না করেন, সেক্ষেত্রে রাষ্ট্রপতির মেজ ছেলে রাসেল আহমেদ তুহিনকে এ আসন থেকে মনোনয়ন দেওয়ার দাবি করা হচ্ছে। এই ‘যদি’ এখন কিশোরগঞ্জ-১ আসনে নেতাকর্মীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।







