প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সুযোগ পেয়েও শুধু অর্থের অভাবে ভর্তি হতে পারছেন না কুষ্টিয়ার মিরপুর উপজেলার অসচ্ছল পরিবারের শিক্ষার্থী নাজমুল হুসাইন।
জানা যায়, ২০১৮ সালে এইচএসসি পরীক্ষায় কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ৩টি কলেজ থেকে মাত্র ৩ জন জিপিও-৫ পাওয়ার কৃতিত্ব দেখান। এদের মধ্যে দুজন বিজ্ঞান বিভাগের এবং অন্যজন মানবিক বিভাগের। তিন কৃতি শিক্ষার্থীই তিনজনই অসচ্ছল পরিবারের। তাদেরই একজন উপজেলার হালসা আদর্শ ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী নাজমুল হুসাইন। নাজমুল এই কলেজ থেকে একমাত্র জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর ১০৬০। নাজমুল উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট গ্রামের ভূমিহীন কৃষক আব্দুল আজিজ এর ছেলে।
নাজমুল হুসাইন বাংলা ট্রিবিউনকে জানান, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার পর সুযোগ পেলেও টাকার অভাবে আমার ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। ভর্তির জন্য প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা প্রয়োজন। যা আমার দরিদ্র বাবার পক্ষে জোগাড় করা সম্ভব নয়।’
এ বিষয়ে হালসা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক জুমারত আলী বলেন, ‘নাজমুল আমাদের কলেজের একজন মেধাবী শিক্ষার্থী। তার এই সাফল্যে আমরা গর্বিত। তবে নাজমুল খুবই দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা একজন কৃষক।’








