আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সংবিধান কারও কথায় খেয়াল-খুশিতে কাটাছেঁড়া করার সুযোগ নেই। আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধানের বাইরে যাওয়ারও কোনও সুযোগ নেই। শতকরা ৭০ শতাংশের বেশি মানুষ যাদের পক্ষে, তাদের কথা না শুনে শতকরা মাত্র পাঁচ ভাগ বা দুই ভাগ মানুষের কথা শুনতে হবে কেন?
শনিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জিলা স্কুলে এক সমাবেশে যোগদানের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ভয় দেখানো নয়, ইসি যা বলেছেন সেটা আইনের কথা বলেছেন। আমাদের সংবিধান এবং আইন অনুযায়ী কোনও নিবন্ধনকৃত রাজনৈতিক দল যদি পর পর দুটি জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয় তবে তার নিবন্ধন বাতিল হয়ে যায়।বিএনপি আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়, তারা আইন মেনে চলতে চায় না।’
সারা দেশে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা প্রসঙ্গে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘অপকর্ম করলে তার বিরুদ্ধে মামলা হবেই। সুনির্দিষ্ট মামলার অভিযোগে তাদের শাস্তিও হবে। আইন থেকে রেহাই পাওয়ার কোনও সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘বিএনপি যেসব অপকর্ম করেছে তার খেসারত এখন দেওয়া লাগছে। তারা ভেবেছিল, মানুষ পুড়িয়ে হত্যা করে পার পাওয়া যাবে।এই বাংলাদেশে সেটা আর সম্ভব নয়। বাংলাদেশে প্রত্যেককে আইন মেনে চলতে হবে এবং আইনের আওতায় থাকতে হবে।’
এ সময় হানিফের সঙ্গে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতারা।








