দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজও (শনিবার) পাথর আমদানি হয়নি। পাথর রফতানি করা নিয়ে ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে কোন্দলের কারণে আজ নিয়ে গত ৬ দিন ধরে এ বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন এ খবর নিশ্চিত করেন।
হারুন উর রশীদ হারুন ও পাথর ব্যবসায়ী ইদ্রিস আলী মিঠু বাংলা ট্রিবিউনকে জানান, পাথর রফতানি করা নিয়ে গত ২২ সেপ্টেম্বর ভারতে দুই পাথর ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পাথর রফতানি বন্ধ করে দেন ভারতীয় ব্যবসায়ীরা। এতে গত ২৩ সেপ্টেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে।
তারা আরও জানান, গত কয়েকদিন ধরে ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে কয়েকদফা বৈঠক অনুষ্ঠিত হলেও তাতে কোনও সমাধান না হওয়ায় বন্দর দিয়ে পাথর আমদানি শুরু হয়নি। তবে আজ (শনিবার) অথবা আগামীকাল এ নিয়ে ভারতে দেশটির পাথর ব্যবসায়ীদের মাঝে একটি বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। সেই বৈঠক ফলপ্রসূ হলে বন্দর দিয়ে আবারও পাথর আমদানি শুরু হতে পারে।
হারুন উর রশীদ হারুন জানান, পাথর আমদানি বন্ধ থাকায় সরকার গত ৬ দিনে দেড় কোটি টাকার মতো রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ সরকার।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ ৬ দিনের মতো হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে। এতে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি বন্দর কর্তৃপক্ষ তাদের আয় থেকে বঞ্চিত হচ্ছে। তবে বন্দর দিয়ে অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে।’








