ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় উম্মে মারজান ঝুমা (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাজারে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
উম্মে মারজান ঝুমা চৌদ্দগ্রাম পৌরসভার নোয়াপাড়া গ্রামের সোহাগের মেয়ে। সে চৌদ্দগ্রাম পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ‘গ’ শাখার ছাত্রী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার বিকালে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় একটি কাভার্ভভ্যান ঝুমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘মহাসড়ক পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় চৌদ্দগ্রাম পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছে। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের লোকজন এসে লাশটি উদ্ধার করে। ছাত্রী নিহতের ঘটনায় কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।’








