রাজশাহী নগরীর কাটাখালি থানার খিদিরপুর মধ্যচর এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় গোয়েন্দা পুলিশের ওপর হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনায় আহত এএসআই মাহবুব হোসেন ও কনস্টেবল সুজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতেখায়ের আলম বাংলা টিবিউনকে বলেন, ‘সোমবার মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মাদক উদ্ধারে অভিযান চালায়। অভিযানে মাদকসহ একজনকে পুলিশ গ্রেফতার করে। খবর পেয়ে মাদক ব্যবসায়ীরা লোকজন নিয়ে গিয়ে পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। এ সময় তারা দুই পুলিশকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। এ খবর পেয়ে কাটাখালি থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। হামলাকারীদের ধরতে ওই এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করা হয়েছে।’
রামেক হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, রাত ৮টার দিকে এএসআই মাহাবুবকে ৩১ নম্বর ওয়ার্ডে ও কনস্টেবল সুজনকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
কাটাখালি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তফা হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, খিদিরপুর মধ্যচর (মিডিলচর) পূর্বপাড়ায় ৭ থেকে ৮ জন মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সাদা পোশাকে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় তারা সামনে যাকে পেয়েছে তাকেই লাঠিপেটা করে। একপর্যায়ে গ্রামের লোকজন ক্ষুব্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় অন্য পুলিশ সদস্যরা পালিয়ে গেলেও ওই দুজনকে কুপিয়ে জখম করে গ্রামবাসী।








