টাঙ্গাইলের সখীপুরে ধলাবানু ওরফে নাজমা বেগম (৪০) নামের এক বিধবা নারীর চোখ-মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ অক্টোবর) বিকালে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রতিমা বংকী বেতুয়াপাড়া এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলী এ তথ্যটি নিশ্চিত করেন।
নিহত নারী ৬ নম্বর ওয়ার্ডের প্রতিমা বংকী বেতুয়াপাড়া এলাকার মৃত নওশের আলীর স্ত্রী।
নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, নিহত ধলাবানুর দুই ছেলে চাকরি সূত্রে ঢাকা বসবাস করায় তিনি বাড়িতে একাই থাকতেন। গত দুই দিন ধরে মাকে ফোনে না পেয়ে তার ছেলে আজ (শুক্রবার) সকালে মামা আয়নাল হককে বিষয়টি জানান। পরে আয়নাল হক ওই বাড়িতে গিয়ে খোঁজাখুঁজির পর বাড়ির টয়লেটের ভেতর চোখ-মুখ বাঁধা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
ওসি এসএম তুহীন আলী বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’








