সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে মুলিবাড়িতে ঢাকা-রাজশাহী মহাসড়কে ট্রাকের ধাক্কায় ধাক্কায় অটোরিকশা আরোহী দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। শুক্রবার (৫ অক্টোবর) বিকাল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম এ খবর নিশ্চিত করেন।
নিহত দুই জন হলেন– সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কোনাগাঁতী গ্রামের মনোয়ারা খাতুন (৫০) ও চায়না খাতুন (৩৫)। আহত দুই জনের মধ্যে রফিকুল ইসলাম (৪৩) নামে একজনের আশঙ্কাজনক হওয়ায় সিরাজগঞ্জ আড়াইশ’ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি সৈয়দ সহিদ আলম জানান, যাত্রী নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি সয়দাবাদ গোলচত্বর এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই নারী মারা যান। আহত হন আরও দুই জন।
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ট্রাকটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা হয়েছে। লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।’








