একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল বলেছেন, ‘আমাদের নিজেদের অস্তিত্বকে রক্ষার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।’
শনিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নীলফামারী জেলা স্কাউট ভবনে ‘মুক্তিযুদ্ধের চেতনায় অভিযাত্রা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কাজী মুকুল বলেন, ‘দেশের উন্নয়ন ধারা বজায় রাখতে হলে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের প্রিয় জাতীয় সংগীত ধারণ করে থাকতে চাই। কোনও অপশক্তি যদি ক্ষমতায় আসে তাহলে তারা আমার সোনার বাংলাকে চিরদিনের জন্য মুছে ফেলবে।’
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত সভায় কাজী মুকুল আরও বলেন, ‘নির্বাচন আসলে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা-নির্যাতন নেমে আসে। আমাদের সজাগ থাকতে হবে, অপশক্তির সব অপচেষ্টা রুখে দেওয়ার জন্য।’
নীলফামারী জেলা কমিটির সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন– ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, দফতর সম্পাদক শেখ শাহনেওয়াজ পরাগ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর গফ্ফার প্রমুখ।








