নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের ভারগাঁও বাটপাড়া গ্রামে এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গত শুক্রবার রাতে ওই এলাকার নুরু সরকারের লেবু বাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে শনিবার দুপুরে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন।
ওই ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে।
সোনারগাঁ থানায় দায়ের করা এজাহারে ওই ছাত্রী উল্লেখ করেন, উপজেলার সাদিপুর ইউনিয়নের স্থানীয় এক মাদ্রাসায় ৭ম শ্রেণিতে পড়াশোনা করে। দীর্ঘদিন ধরে ভারগাঁও বাটপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম মাদ্রাসায় যাওয়া আসার পথে তাকে উত্ত্যক্ত করে প্রেমের প্রস্তাব দিতো। একপর্যায়ে হুমকি দেওয়ায় ভয়ে প্রেমে রাজি হয় ওই ছাত্রী। পরে শফিকুলের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকে শফিকুল আমার সাথে কথা আছে বলে একই এলাকার নুরু সরকারের লেবু বাগানে নিয়ে যায় তাকে। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে মুখে ওড়না পেঁচিয়ে ধর্ষণ করে সে। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক শফিকুল পালিয়ে যায়। পরে ওই ছাত্রী তার বাবা মাকে বিষয়টি জানালে শফিকুলের বাড়িতে গিয়ে বিচার দাবি করে ওই ছাত্রীর পরিবার। এ সময় ওই ছাত্রীর পরিবারকে হত্যার হুমকি দেয় শফিকুলের পরিবার। এ ঘটনায় শনিবার দুপুরে একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর ধর্ষক শফিকুল এলাকা থেকে পালিয়ে যায়।
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।








