প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৫ শতাংশ কোটা সংরক্ষণের দাবিতে চট্টগ্রাম নগরীতে সমাবেশ করেছে প্রতিবন্ধী শিক্ষার্থীরা। রবিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে নগরীর পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেইট এলাকায় এ সমাবেশ করে তারা।
কর্মসূচিতে অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমরা অনেক সংগ্রাম করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসেছি। বিশ্ববিদ্যালয় থেকে পাস করে আমরা কী করবো? আমরা তো স্বাভাবিক শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় ঠিকবো না। তাই আমাদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষণ করার আবেদন জানাচ্ছি। আশা করছি, প্রধানমন্ত্রী আমাদের এই দাবি পূরণ করবেন।
এর আগে বেলা ১১টা থেকে পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেইট এলাকায় সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে অনুরোধ করলে শিক্ষার্থীরা সড়কের একপাশে অবস্থান নেন। সেখানেই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের আব্দুর রাজ্জাক, প্রতিবন্ধী শিক্ষার্থী রাকিবুল সরকার, রোমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।







