ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে সব সমুদ্রবন্দরকে ৪ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার সকাল থেকে মোংলায় ভারী বৃষ্টি হচ্ছে। অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার (১০ অক্টোবর) সকাল থেকে ৪ নম্বর সতর্কতা জারি করে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বুধবার দুপুর ১টার দিকে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘূর্ণিঝড় তিতলি মোংলা সমুদ্রবন্দর থেকে ৮১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি আগামীকাল বৃহস্পতিবার সকালে ভারতের দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্র প্রদেশে আঘাত হানতে পারে।’
এদিকে ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যে বন্দরে জাহাজ আগমন ও নির্গমন (প্রবেশ ও ত্যাগ) বন্ধ রাখা হয়েছে। বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার দুরুল হুদা বাংলা ট্রিবিউনকে জানান, ‘এই মুহূর্তে বন্দরে সার, ক্লিংকার, মেশিনারি, জিপসাম ও গ্যাসসহ বিভিন্ন পণ্য বহনকারী ১৯টি জাহাজ অবস্থান করছে। এসব জাহাজে পণ্য খালাস বোঝাইয়ের কাজ স্বাভাবিক রয়েছে। তবে ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে জাহাজ আগমন ও নির্গমন বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে বন্দরের নিজস্ব সংকেত এলার্ট-২ জারি করা হয়েছে। ঝড় মোকাবিলায় করণীয় সবকিছু প্রস্তুত রাখা হয়েছে।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ‘ঘূর্ণিঝড় তিতলি মোকাবিলায় আমরা জরুরি প্রস্তুতি সভা করেছি। আমরা সবরকম প্রস্তুতি নিয়েছি।’
ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে মোংলা বন্দরসহ উপকূলীয় নদ-নদী উত্তাল হয়ে পড়ায় সব ধরনের নৌযান চলাচলে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। মোংলা বন্দরসহ উপকূলে সব ধরনের নৌযান সাবধানে চলাচলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর।
আরও পড়ুন- সাগরে ঘূর্ণিঝড় ‘তিতলি’, সমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর সতর্ক সংকেত








