ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কুশাডাঙ্গা গ্রাম থেকে একটি মেছোবাঘ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (১০ অক্টোবর) সকালে মোহের আলি নামে এক ব্যক্তির বাড়ি থেকে আটক হওয়া আড়াই ফুট লম্বা মেছোবাঘটিকে উদ্ধার করা হয়।
জানা যায়, মোহের আলির বাড়ি থেকে প্রতিরাতে হাঁস-মুরগি নিখোঁজ হয়ে যায়।একদিন একটি ছাগল হিংস্র পশুর কামড়ে গুরুতর আহত হয়। একপ র্যায়ে মোহের আলি বাড়ির উঠানে লোহার খাঁচায় মুরগি রেখে ফাঁদ পাতেন। মঙ্গলবার রাত ১টার সময় মুরগি খেতে গিয়ে খাঁচার ভিতর ওই মেছোবাঘটি আটকা পড়ে। সকালে বাঘটিকে দেখার জন্য প্রচুর উৎসুক লোক ভিড় করে।
এলাকাবাসী জানায়, মেছোবাঘটিকে মোহের আলি পার্শ্ববর্তী ছোলনা গ্রামের গুড্ডু নামের এক যুবকের কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করে দিয়ে পরে ফেরত নেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকির হোসেন মেছোবাঘটিকে উদ্ধার করে নিয়ে আসেন।
এ ব্যাপারে ইউএনও মোহাম্মদ জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উদ্ধারকৃত মেছোবাঘটির প্রাথমিক চিকিৎসা চলছে। বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’








