রাস্তার উপর দেয়াল নির্মাণকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে হারুন চৌধুরী (৬৫) নামে একজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনার পর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আঁখিতারা গ্রামের পাশের একটি রাস্তার উপর স্থানীয় শামসুল হকের লোকজন একটি দেয়াল নির্মাণ করছিল। পরে এলাকার লোকজন তাতে বাধা দেয়। এ নিয়ে একাধিক সালিশ এবং আদালতে মামলা দায়ের করা হয়। আদালতের কোনও ধরনের সিদ্ধান্ত আসার আগেই শামসুল তার লোকজন নিয়ে বৃহস্পতিবার সকালে আবারও রাস্তার উপর জোর করে দেয়াল নির্মাণের চেষ্টা করছিলেন। এতে একই এলাকার ইউনুস মিয়ার পক্ষের লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে হারুন চৌধুরী টেঁটাবিদ্ধ হন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত তপন চৌধুরী, হারু মিয়া, বিল্লাল মিয়া, সফু মিয়া, আরব আলী, আনোয়ার হোসেন, এলাই মিয়াসহ ছয় জন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাজল চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাস্তার উপর দেয়াল নির্মাণের বিরোধ নিয়ে আমরা দু’পক্ষের সঙ্গে একাধিকবার এলাকায় সালিশ-বৈঠক করেছি। কিন্তু একটি পক্ষ বিষয়টি না মানার কারণে তারা আদালতের আশ্রয় নেন। আদালতের রায় আসার আগেই এ নিয়ে আবারও উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।’








