দেশের প্রযুক্তি-ভিত্তিক অন্যতম জনপ্রিয় রাইড-শেয়ারিং পরিবহন সেবা প্রতিষ্ঠান পাঠাও লিমিটেড চট্টগ্রামে একবছর পূর্তি উদযাপন করছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ অক্টোবর) চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে পিএইচপি মোটর উৎসবে থাকছে পাঠাও’র নানান আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উৎসব চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। এ আয়োজনে রয়েছে পাঠাও’র বর্ষপূর্তির কেক কাটা, রাইডার ও ক্যাপ্টেনদের নিবন্ধন, প্রশিক্ষণ, বাইক স্টান্টিং, মোটর প্রদর্শনী। সংগীত পরিবেশন করবে এলআরবি ব্যান্ড, মেহেরিন ও শিরোনামহীন ব্যান্ড।
পাঠাও লিমিটেডের সিইও হোসেন এম ইলিয়াস বলেন, ‘পাঠাও চট্টগ্রামে একবছর পূর্ণ করতে পেরেছে, এজন্য আমরা আনন্দিত। আমাদের পরিশ্রমী রাইডারদের উৎসাহিত করতে পিএচপি মোটর উৎসবের অংশ হওয়া উল্লেখযোগ্য একটি উদ্যোগ। রাইডারদের জন্যই আমরা আজকের পাঠাও হতে পেরেছি। রাইড শেয়ারিংসহ চট্টগ্রামে অন্যান্য ডিজিটাল সেবা দিতে পেরে আমরা সম্মানিত।’
২০১৭ সালের ১০ অক্টোবর চট্টগ্রামে নিজেদের রাইড শেয়ারিং সেবা চালু করে পাঠাও।








