কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা ও ৪শ’ পিস কমান্ডো মাদকসহ দুই জনকে আটক করেছে র্যাব। রবিবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার পুরাতন বাসস্টেশনের বিসমিল্লাহ রাইস মিল ও বরইতলীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা লে. মির্জা শাহেদ মাহতাব এ খবর নিশ্চিত করেন।
আটককৃত হলো– টেকনাফের পশ্চিম গোদালবিল গ্রামের আবদুল করিমের ছেলে মোহাম্মদ মুসা (১৯) ও পৌরসভার জালিয়া পাড়ার ফরিদ আলমের ছেলে মোহাম্মদ আলম (১৭)।
শাহেদ মাহতাব বলেন, ‘রবিবার বিকালে টেকনাফের পুরাতন বাসস্টেশনের বিসমিল্লাহ রাইস মিলের পাশে আবদুর রহিম নামক একটি ওয়ার্কসপের সামনে মাদক লেনদেনের খবর পেয়ে র্যাবের একটি দল অভিযান চালিয়ে মোহাম্মদ মুসাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪ হাজার ৭৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্যে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটিও জব্দ করা হয়।’
তিনি আরও বলেন, ‘একইদিন টেকনাফের বরইতলী এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলম নামে আরও এক মাদক পাচারকারীকে আটক করে র্যাব। এসময় তার দেওয়া তথ্যে যাত্রীবাহী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০৪ পিস কমান্ডো উদ্ধার করা হয়। আটক দুই জনকে মাদক মামলা দিয়ে থানায় সোর্পদ করা হবে।’








